সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার প্রবাসী বহিষ্কার
- আপডেট সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ যৌথ নিরাপত্তা অভিযানে ১৪ হাজার ৭৯৬ জন প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে চালানো এসব অভিযানে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ৫০৪ জনকে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৭৮৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫০৯ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার, ৪৪ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সঙ্গে দেশ ছাড়ার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের ওই এক সপ্তাহে বহিষ্কারের পাশাপাশি ১৮ হাজার ৬৭৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৮৭ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বর্তমানে সৌদি আরবে ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যার মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ ও ১ হাজার ৭২৮ জন নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, অবৈধভাবে কাউকে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে। যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য এলাকার বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫




























