ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রায় সৌদি-সমর্থিত কমান্ডারদের নেতৃত্বের ব্যর্থতা
- আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকাগুলো দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন পোস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি জানান, হুতি সামরিক বাহিনীর ঐক্য ও নিষ্ঠার কারণেই তারা এই দ্রুত সফলতা অর্জন করতে পেরেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলমাসমারি বলেন, হুতিরা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে লড়াই করছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী আটটি ভিন্ন নেতৃত্বের অধীনে বিভক্ত। ফলে তাদের মধ্যে কোনো ধরনের ঐক্য, সহযোগিতা বা সমন্বয় বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে সৌদি-সমর্থিত সেনাদের দ্রুত পিছু হটার পেছনে শীর্ষ সামরিক কমান্ডারদের নেতৃত্বের ব্যর্থতা বড় ধরনের প্রভাব ফেলেছে। আলমাসমারির মতে, হুতি নেতৃত্বের প্রধান শক্তির জায়গা হলো তাদের রণাঙ্গনে উপস্থিতি। তারা সরাসরি সম্মুখসারিতে থেকে লড়াই পরিচালনা করেন, যা সৌদি মিত্রদের ক্ষেত্রে দেখা যায় না।
তিনি আরও বলেন, রণাঙ্গনে নেতৃত্বের অনুপস্থিতি সেনাদের মনোবলে প্রভাব ফেলে। যখন কমান্ডাররা তাদের সেনাদের সঙ্গে মাঠে উপস্থিত থাকেন না, তখন সেই সেনাদের কাছ থেকে জীবন উৎসর্গ করার মতো মানসিকতা প্রত্যাশা করা কঠিন।




























