বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় প্রকাশে দ্বিধায় অর্ধেকের বেশি নাগরিক
- আপডেট সময় : ১২:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বিদেশ ভ্রমণের সময় নিজেদের ইসরাইলি পরিচয় প্রকাশ করতে ভয় বা উদ্বেগ বোধ করেন দেশটির ৫২ শতাংশ মানুষ। সেন্টার ফর জুইশ ইমপ্যাক্টের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তারা নিজেদের আচরণে পরিবর্তন এনেছেন। এর মধ্যে কেউ ভ্রমণের গন্তব্য পরিবর্তন করেছেন, কেউ সফর বাতিল করেছেন, আবার কেউ বিদেশে থাকাকালীন কিছু নির্দিষ্ট কার্যক্রম এড়িয়ে চলছেন।
জরিপটিতে ইসরাইলের আন্তর্জাতিক কূটনীতি নিয়েও জনগণের অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। উত্তরদাতাদের ৬৪ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কৌশলগত সম্পর্ক শক্তিশালী। তবে মাত্র ২৩ শতাংশের বিশ্বাস, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল তাদের নীতি ও অবস্থান কার্যকরভাবে তুলে ধরতে পারছে। এছাড়া ৭০ শতাংশ উত্তরদাতা ইসরাইলের জনকূটনীতি বা আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি তুলে ধরার কার্যক্রমকে অকার্যকর বলে মনে করেন।
তবে অধিকাংশ উত্তরদাতা দেশের আন্তর্জাতিক অবস্থান স্থায়ীভাবে দুর্বল হয়ে গেছে বলে মনে করেন না। ৩৩ শতাংশের মতে, দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল তৈরি করে জনকূটনীতি ও যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি। ২৫ শতাংশ মনে করেন, সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন। মাত্র ১৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব নয়।
দেশের অভ্যন্তরীণ সামাজিক পরিস্থিতি নিয়ে জরিপে কিছু ইতিবাচক চিত্রও পাওয়া গেছে। ৭৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরাইল এখনো একটি ঐক্যবদ্ধ সমাজ হিসেবে টিকে থাকতে পারে। উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০২৬-এর জরিপে এই হার ছিল ৬৭ শতাংশ। এছাড়া ধর্মনিরপেক্ষ ইসরাইলি ও কট্টরপন্থী অর্থডক্স ইহুদি সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান সম্ভব বলে মনে করেন ৬৪ শতাংশ। তবে ইহুদি ও আরবদের সহাবস্থান সম্ভব বলে বিশ্বাস করেন মাত্র ৪২ শতাংশ উত্তরদাতা।




























