পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সুশাসন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে 'ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর প্রজেক্ট' শীর্ষক প্রকল্পের এক পর্যালোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমানভাবে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও সৎ কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। প্রশাসনে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
একই অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের অর্থে গৃহীত প্রতিটি প্রকল্প যেন শতভাগ কার্যকর হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
মন্ত্রী পাহাড়ি এলাকার মৌলিক সংকট তুলে ধরে বলেন, পার্বত্য অঞ্চলের অধিবাসীদের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির তীব্র সংকট। এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে দ্রুত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। পরিশেষে, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


























