পাকিস্তানের ক্যানসার হাসপাতালে আকাশচুম্বী বেতনের ঘোষণা
- আপডেট সময় : ০৫:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাবে সদ্য প্রতিষ্ঠিত নওয়াজ শরিফ ক্যানসার হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসক এবং বিভিন্ন প্রশাসনিক পদের জন্য নজিরবিহীন উচ্চ বেতনের কাঠামো ঘোষণা করা হয়েছে। সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালটির ডিন পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ রুপি, যা বার্ষিক ভিত্তিতে ৩ কোটি রুপিতে গিয়ে দাঁড়ায়।
নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী, মেডিকেল ডিরেক্টর এবং হাসপাতাল ডিরেক্টর পদের জন্য প্রতি মাসে ২২ লাখ রুপি করে বেতন দেওয়া হবে। এছাড়া অর্থ ও নার্সিং ডিরেক্টর এবং জ্যেষ্ঠ কনসালটেন্টদের জন্য মাসিক ১৫ থেকে ২০ লাখ রুপি এবং অন্যান্য কনসালটেন্টদের জন্য ১২ থেকে ১৫ লাখ রুপি বেতন অফার করা হচ্ছে। এমনকি একজন জুনিয়র কনসালটেন্টের বাৎসরিক বেতন ধরা হয়েছে ৭১ লাখ রুপি।
এই বিশাল অঙ্কের বেতনের ঘোষণা পাঞ্জাবের বিদ্যমান সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থার প্রেক্ষাপটে জনমনে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ এবং মৌলিক রোগ নির্ণয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, ঠিক সেই সময়ে একটিমাত্র হাসপাতালের কর্মকর্তাদের জন্য এমন বিপুল বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
লাহোরের এই বিশেষায়িত ক্যানসার হাসপাতালের শূন্য পদগুলোতে যোগদানের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত পাঞ্জাব স্বাস্থ্য বিভাগে আবেদন জমা দিতে পারবেন।


























