পেরুতে শক্তিশালী ভূমিকম্প, লিমাসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত
- আপডেট সময় : ০৪:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল বৃহস্পতিবার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) ভিন্ন ভিন্ন তথ্য জানিয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭, তবে আইজিপি জানিয়েছে এর মাত্রা ৭ দশমিক ২।
আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।
রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে সতর্ক থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।



























