সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন নিয়ে ইসরাইল-তুরস্ক উত্তেজনা তুঙ্গে
- আপডেট সময় : ০৬:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি এবং সম্প্রতি একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলাকে কেন্দ্র করে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে তুরস্ককে সিরিয়ায় 'বিপজ্জনক দুঃসাহসিকতা' বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। অন্যদিকে, সিরিয়ায় ইসরাইলের 'বেপরোয়া' হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।
সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় বিমানঘাঁটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলের দাবি, সিরিয়া ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোয়ের প্রস্তুতি নিচ্ছিল, যা তাদের মধ্যকার বিদ্যমান নিরাপত্তা সমঝোতার 'স্থিতাবস্থা' লঙ্ঘন করে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও একই দাবি করা হয়েছে।
তবে তুরস্ক ও সিরিয়া যৌথভাবে ইসরাইলের এই দাবি অস্বীকার করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানান, আবু আল-দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। মূলত তুর্কি সামরিক কর্মকর্তারা সেখানে প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতার কাজে গিয়েছিলেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও স্পষ্ট করেছে যে, হামলার আগে বা হামলার সময় ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল না।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সিরিয়ায় তুরস্ককে কোনো বিপজ্জনক দুঃসাহসিকতায় জড়ানো এবং ইসরাইলের আত্মরক্ষার দৃঢ়তা পরীক্ষা করা উচিত হবে না।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা। তুরস্ক বর্তমানে সিরিয়ার সামরিক সক্ষমতা ও অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করছে, যা ইসরাইলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সামরিক ভুল বোঝাবুঝি এড়াতে এবং ভবিষ্যৎ সংঘাত ঠেকাতে ইসরাইল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে একটি 'ডি-এস্কেলেশন' বা সংঘাত এড়ানোর যোগাযোগব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।


























