তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
- আপডেট সময় : ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে তিস্তা প্রকল্পের সম্ভাব্য কারিগরি সহায়তা এবং সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমার বলেন, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের এটিই উপযুক্ত সময়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। নেদারল্যান্ডসের মন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোচনায় মুক্ত বাণিজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে কথা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেছে। এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনার প্রশংসা করেন নেদারল্যান্ডসের মন্ত্রী। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, এর মূল উৎস মিয়ানমারে এবং টেকসই সমাধান সেখানেই নিহিত। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া বিএনপি সরকার মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমীন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
























