পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান
- আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করে নিয়েছেন। রাজপরিবারের সদস্য হিসেবে ওই পুত্রবধূর আচরণকে ‘অশোভন’ হিসেবে আখ্যায়িত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপের কথা নিশ্চিত করা হয়। সুলতানের আদেশের পর এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধিগুলো বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, তাঁর কর্মকাণ্ড রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ড বা আচরণকে ‘অনুপযুক্ত’ বলা হয়েছে, সে বিষয়ে গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ সুলতানের পুত্র প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকারের ক্রমে চতুর্থ স্থানে রয়েছেন।
২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুল আদাউইয়াহ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১০ দিনব্যাপী সেই বিয়ের আয়োজনে হাজারো অতিথি অংশ নিয়েছিলেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে—১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। প্রতিবেদন অনুযায়ী, মায়ের রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হলেও সন্তানদের উপাধিতে এর কোনো প্রভাব পড়েনি।
পর্যবেক্ষকদের মতে, রাজপরিবারের সদস্যদের উপাধি কেড়ে নেওয়ার ঘটনা সুলতানের জন্য নতুন নয়। ২০০৩ সালে বিবাহবিচ্ছেদের পর তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজ এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সব রাজকীয় উপাধি প্রত্যাহার করেছিলেন। তবে রাবিয়াতুল আদাউইয়াহর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, কারণ তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য হিসেবেই গণ্য হচ্ছেন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৮ সাল থেকে ব্রুনেইয়ের একক শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা এই শাসক তেলসমৃদ্ধ ছোট্ট দেশ ব্রুনেইকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছেন।
তিনি বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে বসবাস করেন, যেখানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।বলকিয়াহের শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।




























