দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮
- আপডেট সময় : ১২:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দক্ষিণ ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার লুইসের কাছে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে ট্রেনের কয়েকটি বগি কাত হয়ে পড়ে এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।
সাউদার্ন রেলের এই ট্রেনটি প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে লন্ডন ভিক্টোরিয়া থেকে ইস্টবোর্নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটির শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাউথ ইস্ট কোস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, গুরুতর আহত দুজনসহ মোট ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৬ জন তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স, দমকলকর্মী ও police সদস্য। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ইয়ান ড্রামন্ড-স্মিথ এই ঘটনাটিকে ‘বড় ধরনের জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেন। উদ্ধারকর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ট্রেনের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে নিরাপদে বের করে আনেন। যেসব যাত্রীর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি, তাদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নিয়ে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়া হয়।
দুর্ঘটনায় আক্রান্ত ট্রেনের ৫৬ বছর বয়সী মার্কিন যাত্রী ইয়ানা লুডভিগ তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। নিজে আহত হওয়া এই যাত্রী জানান, হঠাৎ একটি বিকট শব্দ হওয়ার পরপরই সবকিছু ওলটপালট হয়ে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বগিটি কাত হয়ে পড়ে। তিনি বলেন, বগির ভেতরে থাকা যাত্রীরা প্রথমে একে অপরের খোঁজ নিচ্ছিলেন এবং উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছিলেন।
উদ্ধার অভিযানে ১০টি ফায়ার ইঞ্জিন, একটি কমান্ড সাপোর্ট ইউনিট, কারিগরি উদ্ধারকারী দলসহ বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকাজে নিয়োজিত জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানান এবং যাত্রীদের সহায়তায় রেল কর্তৃপক্ষ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। নেটওয়ার্ক রেলের সাসেক্স রুটের পরিচালক লুসি ম্যাকঅলিফ জানিয়েছেন, হোয়ার্ড হিথ ও লুইসের মধ্যকার রেলপথটি সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তিনি বলেন, তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে, তাই এখনই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। এদিকে সাউদার্ন রেল লুইস স্টেশনের সব রেললাইন বন্ধ রেখে উদ্ধারকারী দল ও প্রকৌশলীদের কাজ করার সুযোগ করে দিয়েছে এবং যাত্রীদের ওই রুটে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
দুর্ঘটনার সময় যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছিল এবং বৃহস্পতিবার দক্ষিণ ইংল্যান্ডের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। অতিরিক্ত গরমের কারণে রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকির কথা আগে থেকেই জানিয়েছিল নেটওয়ার্ক রেল। তবে এই তাপপ্রবাহের সঙ্গে দুর্ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবহন শ্রমিক ইউনিয়ন টিএসএসএ যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে। উল্লেখ্য, দুই মাসের মধ্যে যুক্তরাজ্যে এটি দ্বিতীয় বড় ট্রেন দুর্ঘটনা; এর আগে জুনে বেডফোর্ডের কাছে দুই ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।




























