হংকংয়ে তীব্র তাপপ্রবাহ, ১৮৮৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টাইফুন ‘ডলফিন’-এর প্রভাবে সৃষ্ট উষ্ণ বাতাসের কারণে হংকংয়ে রেকর্ড তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। গত রবিবার (৯ আগস্ট) শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৮৮৪ সালে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
হংকং অবজারভেটরি জানিয়েছে, রবিবার বিকেলে তাদের প্রধান কার্যালয়ে এই রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে শহরের কিছু কিছু এলাকায় গরমের তীব্রতা আরও অনেক বেশি ছিল, যা ৩৯ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের শুং শুই এলাকার একটি স্বয়ংক্রিয় স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০-এর দশকে এই অটোমেটেড স্টেশনগুলো চালু হওয়ার পর থেকে সেখানে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে হংকংয়ে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৭ সালের ২২ আগস্ট রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুন ডলফিন চীনের ঝেজিয়াং প্রদেশের দিকে অগ্রসর হওয়ার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত এই তীব্র গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এদিকে তীব্র গরমের কারণে স্থানীয় প্রশাসন নাগরিকদের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে। বাসিন্দাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেই এ ধরনের চরম তাপপ্রবাহের ঘটনা ক্রমাগত বাড়ছে।
উল্লেখ্য, গত রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাটাগরি-১ হ্যারিকেনের শক্তি নিয়ে ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার বেগে চীনের ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের উপকূলে আঘাত হানে টাইফুন ডলফিন।




























