সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন বৃটিশ লর্ড ও দুই এমপি
- আপডেট সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা বেগম ও শওকত আদম। শুক্রবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের আধুনিক পরিবেশ, উন্নত অবকাঠামো এবং রোগী সেবার বাস্তব চিত্র ঘুরে দেখেন। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে ডায়ালাইসিস সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক বিষয়ে বৃটিশ প্রতিনিধি দলকে অবগত করেন এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম।
পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় পপুলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আফসানা বেগম বলেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল শুধু একটি ডায়ালাইসিস কেন্দ্র নয়, এটি কিডনি রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবা, সহমর্মিতা ও আশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক পরিবেশে রোগীদের সেবা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এখানে দেখা গেছে, তা সত্যি প্রশংসনীয়। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, ট্রাস্টি ডা. নাজরা চৌধুরী, পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয় রেজা চৌধুরী, দিলীপ কুমার পাল এবং প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, বৃটেনের হাউজ অব লর্ড ও দুই এমপির এই সফর সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসা সেবার মান, মানবিক উদ্যোগ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। একই সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।





























