ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫৮ জন
- আপডেট সময় : ০১:২০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৯ হাজার ৪৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক তথ্যে দেখা যায়, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মারা গেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় নতুন করে ভর্তি হয়েছেন ৩১৬ জন।
রাজধানীর বাইরের অন্যান্য বিভাগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৩৭ জন, চট্টগ্রামে ১৬৯ জন, খুলনায় ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেটে নয়জন রয়েছেন।





























