সাতক্ষীরায় তিন সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

- আপডেট সময় : ০৮:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার ২৬ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘর, ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ওষুধের স্টোর ও বাথরুমসহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
দুপুরের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও কম এবং দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে সীমিত জনবল নিয়েই চিকিৎসকরা সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন।
হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রী বলেন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আরও কঠোর হতে হবে এবং রোস্টার ডিউটি যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে নার্সদের উপস্থিতির হার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তা দ্রুত সংশোধনের নির্দেশ দেন। তিনি জানান, চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজও শুরু হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, দ্রুতই মাটি পরীক্ষার কাজ শুরু হবে। সেখানে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্যারালাইসিস ও ফিজিওথেরাপি সেন্টারসহ বিশেষায়িত সেবা থাকবে। বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী শ্যামনগরের দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী শারমিন আক্তারের মেধায় মুগ্ধ হয়ে তাকে আগামী ১ আগস্ট থেকে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি খোদা ও সিভিল সার্জন ডা. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
পরে বেলা ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজ নেন। এ সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিকেল সোয়া ৪টার দিকে মন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন। তার শিক্ষাগত যোগ্যতা ও মেধায় সন্তুষ্ট হয়ে আগামী ১ আগস্ট থেকে তাকে চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।




























