সালমান শাহর জন্মদিনে আবেগঘন স্মৃতিকাতর শাবনূর
- আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর। নব্বইয়ের দশকের সেই সোনালী দিনের স্মৃতি হাতড়ে সালমান শাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শাবনূর লিখেছেন, 'শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।'
সালমান শাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে শাবনূর জানান, সালমান শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, বরং তিনি ছিলেন অসাধারণ হৃদয়ের মানুষ। শুটিং সেটে তিনি ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ শিল্পী—সবাইকে সমানভাবে সম্মান করতেন। সবার খোঁজ নেওয়া এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে আপন করে নেওয়ার মতো মানবিক গুণাবলিই তাকে সবার হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে বলে মনে করেন শাবনূর।
স্মৃতিচারণ করতে গিয়ে শাবনূর আরও বলেন, পুরনো কোনো গান বা সিনেমার দৃশ্য দেখলে আজও মনে হয়, যেন সেই সোনালী দিনগুলো ফিরে এসেছে। প্রয়াত এই অভিনেতার জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, 'মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।'
পাশাপাশি, সালমান শাহকে নিয়ে যেকোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শাবনূর। একজন মহান শিল্পীর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধরে রাখার আহ্বান জানান তিনি।





























