নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’
- আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত পোশাক ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে তোলা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান সোথবিজ জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর পোশাকটি নিলামে বিক্রির জন্য তোলা হবে। ১৯৯৭ সালের পর এই প্রথম পোশাকটি নিলামে উঠছে। এর দাম সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার পাউন্ড বা প্রায় ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৪ সালের সেই আলোচিত পোশাকটি ডায়ানা পরেছিলেন লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে। একই দিনে তৎকালীন প্রিন্স অব ওয়েলস, বর্তমানে রাজা তৃতীয় চার্লস, এক তথ্যচিত্রে ডায়ানার প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেন। সাক্ষাৎকারটির বিষয়বস্তু আগেভাগে ফাঁস হয়ে যাওয়ায়, অনুষ্ঠানে ডায়ানার এই কালো সিল্কের কাঁধখোলা পোশাকের উপস্থিতি অনেকের কাছেই ছিল তার প্রকাশ্য জবাব।
ডায়ানার তৎকালীন স্টাইলিস্ট আনা হার্ভের মতে, সেদিন ডায়ানা “দেখতে যেন এক মিলিয়ন ডলারের মতো” আকর্ষণীয় হতে চেয়েছিলেন। শেষ মুহূর্তে ভ্যালেন্টিনোর গাউন বাদ দিয়ে তিনি গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের তৈরি এই পোশাকটি বেছে নেন। পোশাকটির সঙ্গে তিনি পরেছিলেন রাজকীয় নেকলেস, কালো ক্লাচ ও হাই হিল।
সোথবিজের গ্লোবাল হেড অব হ্যান্ডব্যাগস অ্যান্ড ফ্যাশন মর্গান হালিমি জানান, ডায়ানা ফ্যাশনকে একটি শক্তিশালী ভাষা হিসেবে ব্যবহার করতেন। তিনি বলেন, এমন এক সময়ে নিজের পোশাকের মাধ্যমে ডায়ানা নিজের গল্পের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছিলেন, যখন অন্যরা তার হয়ে সেই গল্প বলছিল। নিলামের আগে পোশাকটি বিশ্বের বিভিন্ন শহরে প্রদর্শিত হবে। ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনের সোথবিজ শোরুমে প্রদর্শনী শুরুর পর এটি হংকং, জেনেভা এবং সবশেষে নিউইয়র্কে নেওয়া হবে, যেখানে নিলাম অনুষ্ঠিত হবে।





























