মিথিলার সঙ্গে গুঞ্জনের মাঝেই সৃজিতের মন্তব্য, ‘জীবনে স্থায়ী সম্পর্ক নেই’
- আপডেট সময় : ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিয়ের পর থেকেই তাঁদের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নতুন মন্তব্য করে সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন সৃজিত। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এই নির্মাতা জানিয়েছেন, তাঁর জীবনে বর্তমানে কোনো স্থায়ী সম্পর্ক নেই। পুরো সাক্ষাৎকারে একবারের জন্যও তিনি মিথিলার নাম উচ্চারণ করেননি, যা তাঁদের বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি টক শোতে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, তিনি কি কখনো জীবনে কোনো স্থায়ী সম্পর্কের অভাব বোধ করেন বা একাকিত্বে ভোগেন? জবাবে এই নির্মাতা জানান, মাঝেমধ্যে তিনি একাকিত্ব অনুভব করলেও সবসময় তেমনটা হয় না। কারণ হিসেবে তিনি বলেন, কাজ, গান, ক্রিকেট আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই তাঁর পুরো জগৎ আলোয় ভরে থাকে, যার ফলে নিজেকে আর একা মনে হয় না। সৃজিতের এই মন্তব্যের পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের অবস্থা কী, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মিথিলার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছে, তার সঙ্গে সৃজিতের ‘স্থায়ী সম্পর্কে নেই’ মন্তব্যকে মিলিয়ে দেখছেন অনেকে। এমনকি মিথিলা তাঁর কাছে ‘সাবেক’ নাকি ‘বর্তমান’—সেটিও স্পষ্ট করেননি তিনি।
সাক্ষাৎকারে সম্পর্কের অভিজ্ঞতা বোঝাতে গিয়ে জীবনের সঙ্গে ট্রেনযাত্রার এক চমৎকার তুলনা টানেন সৃজিত। গত বছর অভিনয়শিল্পী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে সৃজিত বলেন, জীবন আসলে একটি যাত্রা, যেখানে অনেকেই ট্রেন থেকে কয়েকটা স্টেশন পরেই নেমে যান। সুস্মিতাও সেভাবেই নেমে গেছেন এবং হয়তো অন্য কোনো ট্রেন ধরেছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের জুলাইয়ে তাহসান ও মিথিলার বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগেও সৃজিত একাধিক বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন।





























