চলে গেলেন লোকসংগীতশিল্পী স্বাগত দে
- আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই। বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। মৃত্যুর দুই দিন আগে পরপর দুটি স্ট্রোক হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
ভাটিয়ালিসহ লোকসংগীতের বিভিন্ন ধারায় স্বাগত দের গভীর দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগানকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কণ্ঠ ও পরিবেশনায় লোকসংগীতের বহু গান নতুন করে জনপ্রিয়তা পেয়েছিল। গানের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





























