ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- আপডেট সময় : ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকা জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি নিজের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে জানান, তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং পেশাগত জীবনে বৈষম্যের শিকার হচ্ছেন।
অভিনেত্রীর অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। বিভিন্ন গ্রুপিংয়ের কারণে তিনি নতুন কোনো কাজ পাচ্ছেন না এবং একপ্রকার ঘরবন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। আবেগাপ্লুত হয়ে জ্যোতি বলেন, তিনি নিজেকে অত্যন্ত অসহায় অনুভব করছেন। তিনি বর্তমান সরকারের কাছে এই পরিস্থিতির একটি সুরাহা করার আবেদন জানিয়েছেন।
জ্যোতিকা জ্যোতি জানান, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলেন, 'এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।'
তার রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। তিনি বহুল আলোচিত 'আলো আসবেই' হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। আওয়ামী লীগ সমর্থক শিল্পী হিসেবে পরিচিত থাকায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও তিনি আলোচনায় এসেছিলেন। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তাকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে। পরে লাইভে এসে তিনি জানিয়েছিলেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হলেও চাকরির দায়িত্ববোধ থেকে তিনি সেখানে গিয়েছিলেন। তখন মহাপরিচালকের পরামর্শে তিনি অফিস ত্যাগ করেন।





























