জবিতে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, সাক্ষাৎকার গ্রহণ, তথ্য যাচাই, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং গণমাধ্যমে কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ডেপুটি এডিটর আব্দুর রহমান জাহাঙ্গীর এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান।
প্রধান আলোচক শফিক আহমেদ বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং এটি নিয়মিত শেখার একটি প্রক্রিয়া। তিনি বলেন, বর্তমানে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ। তাই তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু ক্যাম্পাসের খবরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্থনীতি, ব্যাংক, শেয়ারবাজার ও রাজস্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সাংবাদিকতায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে নিরপেক্ষতা বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা করতে হবে।
বিশেষ অতিথি আব্দুর রহমান জাহাঙ্গীর নতুন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতায় আসার আগে নিজেকে প্রশ্ন করা উচিত কেন তিনি সাংবাদিক হতে চান। ক্যাম্পাস সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সেবা করা। সংবাদ লেখার কৌশল সম্পর্কে তিনি বলেন, একটি সংবাদের শুরুতেই ঘটনার মূল সারাংশ তুলে ধরতে হয়। হার্ড নিউজ লেখার ক্ষেত্রে ইনভার্টেড পিরামিড কাঠামো অনুসরণ করে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পরামর্শ দেন তিনি।
দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, সংবাদমূল্য নির্ধারণ, তথ্য যাচাই ও সংবাদ লেখার কাঠামো নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার বাস্তবধর্মী বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।





























