ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ০৯
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয় এবং সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ বিধিমালায় প্রস্তাবিত এই পরিবর্তনের ফলে লিখিত পরীক্ষার গুরুত্ব কমে যাবে, যা নিয়োগ প্রক্রিয়ায় তদবির, পক্ষপাত ও অনিয়মের পথ প্রশস্ত করতে পারে। তাদের দাবি, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পরিবর্তে এই সিদ্ধান্তের ফলে প্রভাবশালীদের সুযোগ পাওয়ার আশঙ্কা রয়েছে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘ভাইভা কোটার ঠাঁই নাই’, ‘তদবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘মেধাবীদের কান্না, আর না আর না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা মনে করেন, সরকারি চাকরিতে মেধা যাচাইয়ের প্রধান মাধ্যম হলো লিখিত পরীক্ষা। তাই লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য থাকা প্রয়োজন। তারা প্রস্তাবিত এই পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর পরিকল্পনা করা হয়েছে। এর আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক জনবলকে আরও দক্ষ ও যোগ্য করে তুলতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।





























