সম্মিলিত ইসলামী ব্যাংক: ৭৫ হাজার আমানতকারীর টাকা ফেরত শুরু আজ
- আপডেট সময় : ০৭:৫৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ ফেরত পাওয়া শুরু করেছেন। ব্যাংকটির আমানতকারীদের অর্থ ফেরতের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এই অর্থ ফেরতের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা ৬ সেপ্টেম্বর রোববার শেষ হয়েছে।
ব্যাংক সূত্র জানিয়েছে, ছয় দিনে মোট ৭৫ হাজার গ্রাহক তাদের আমানতের অর্থ ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে দাবিকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হয়েছে, যা পরে প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হচ্ছে, যেখান থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারবেন।
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত শুধুমাত্র ব্যক্তি আমানতকারীদের জমার মূল অংশ ফেরত দেওয়া হচ্ছে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তীতে পরিশোধ করা হবে। এছাড়া, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা আপাতত এই বিশেষ স্কিমের আওতায় অর্থ উত্তোলন করতে পারবেন না। আবেদনপত্রে গ্রাহকদের জমার পরিমাণ, উত্তোলনের কারণ এবং কত টাকা প্রয়োজন তা উল্লেখ করতে হয়েছে।
মূলত ১ সেপ্টেম্বর থেকেই এই কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল, তবে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগায় তা এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর শুরু হয়। উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সংকটে পড়া পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠিত হয়েছে। এই ব্যাংকগুলোর মোট মূলধন ৩০ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার সরবরাহ করেছে। একীভূত হওয়া এই পাঁচটি ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে, যার মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে প্রায় ১৫ হাজার কোটি টাকা রয়েছে। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার প্রায় ৮৬ শতাংশই বর্তমানে খেলাপি।





























