তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ০৫:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কল্পনা বেগম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথের নজরে এলে তিনি সোমবার দুপুরে কল্পনা বেগম ও তার পরিবারকে নিজ দপ্তরে ডেকে নিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থসহায়তা প্রদান করেন।
২৫ বছর বয়সী কল্পনা বেগম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জায়দুল হকের স্ত্রী। তার স্বামী একজন বাক্প্রতিবন্ধী এবং হোটেলে দিনমজুর হিসেবে কাজ করেন। বর্তমানে কল্পনা বেগম তার দিনমজুর বাবার বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। সন্তান তিনটির নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। বর্তমানে তাদের বয়স এক মাস পার হয়েছে।
সন্তান তিনটি সুস্থ থাকলেও অপারেশনের স্থানে ইনফেকশন হওয়ায় গত এক মাস ধরে কল্পনা বেগম অসুস্থ। নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা খরচ এবং খাবার জোগাতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কল্পনা বেগম জানান, নিজের ওষুধের জন্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং তিন নবজাতকের দুধের জন্য ৬০০ টাকা প্রয়োজন হয়। ইউএনও স্যারের কাছ থেকে ১০ হাজার টাকা সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সন্তানদের বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, পরিবারটির খোঁজখবর নিয়ে এর আগে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল এবং সোমবার আরও ১০ হাজার টাকা প্রদান করা হলো।




























