শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ
- আপডেট সময় : ০২:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল বা পাতাড়ি মাছ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় জেলে জহুরুল হাওলাদারের জালে মাছটি আটকা পড়ে।
জানা গেছে, বন বিভাগের অনুমতি নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে যান শরণখোলা গ্রামের জেলে জহুরুল হাওলাদার। জাল ফেলার কিছুক্ষণ পর অস্বাভাবিক টান অনুভব করলে জাল তুলে তিনি বড় আকৃতির এই কোরাল মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য তিনি শরণখোলা বাজারে নিয়ে আসেন।
সকালে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। এতে প্রতি কেজি মাছের দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা। মাছটি পরে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবন থেকে আসা মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। বড় কোরালের চাহিদা বেশি থাকায় মাছটির ভালো দাম পাওয়া গেছে।
মৎস্য ব্যবসায়ী রাসেল হাওলাদার বলেন, ৩৬ হাজার টাকায় মাছটি কিনে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে এটি আরও বেশি দামে বিক্রি হবে। তিনি আরও জানান, একটি বড় কোরাল মাছের দাম দিয়ে একটি দেশি গরু কেনা সম্ভব। ক্রেতা শাহাদাত মুন্সী বলেন, গত এক মাসে সুন্দরবন থেকে আসা কোরাল ও অন্যান্য মাছের মধ্যে এটিই সবচেয়ে বড়। আশা করছি লাভজনক দামে মাছটি বিক্রি করতে পারব।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ২০ কেজি ওজনের কোরাল ধরা পড়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। তিন মাসের নিষেধাজ্ঞায় মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। তাই বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে বড় আকৃতির মাছ ধরা পড়ছে।




























