নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানকালে সজিবের হেফাজতে থাকা একটি কার্টন থেকে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সজিব ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সজিব ইসলামকে শনিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।




























