গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার ছোট ভাই তামিম হোসেন (২৮)। এদের মধ্যে পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ শামসুল ইসলামের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। এই আভিযানিক দলে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা এবং এএসআই রফিকুল ইসলামসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স। তল্লাশিকালে আটক দুই ভাইয়ের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




























