ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
- আপডেট সময় : ০২:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে কুলসুমা এবং রাতে আল আমিন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলসুমা এবং বেলা সাড়ে ১১টার দিকে আল আমিন আইসিইউতে মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আল আমিন ডেঙ্গুর পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। অন্যদিকে কুলসুমারও ডেঙ্গুর সঙ্গে কিডনি কার্যক্ষমতা হ্রাসের সমস্যা ছিল। ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, ভর্তি থাকা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বর্তমানে হাসপাতালটিতে ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।





























