লালমনিরহাট পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের নির্দেশ ডিআইজি মাবুদের
- আপডেট সময় : ০২:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ লালমনিরহাট জেলা পুলিশের সব স্তরের সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী। সভার এক পর্যায়ে ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সব সময় সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার নির্দেশ দেন তিনি। সভায় লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


























