জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে হেলাল সভাপতি ও শিপলু সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেওয়ার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ভোট গণনা শেষে শনিবার রাত ৩টার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এম এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই হিসেবে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৭৭ শতাংশ। দিনভর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াইয়ে অংশ নেন।
নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির এবং সাজ্জাদ হোসেন।
সভাপতি পদে এম এ হেলাল ১৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।




























