নবাবগঞ্জে মাদক ব্যবসায় সায় দেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
- আপডেট সময় : ১২:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে টাকার বিনিময়ে মাদক ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওই নেতার নাম ওসমান গনি বাবু। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওসমান গনি বাবুর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা রক্ষায় সংগঠনের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার এমন গুরুতর অভিযোগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।



























