ঢাকার যাত্রাবাড়ী থেকে কাউখালী উপজেলা আ.লীগ নেতা বাবলু গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:১৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ ও র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতি গ্রামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলায় দুই বছরের সাজার পরোয়ানা রয়েছে। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিনি ৮ নম্বর পলাতক আসামি ছিলেন।
কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে কাউখালীতে নিয়ে আসে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবলু জোমাদ্দার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।




























