ময়মনসিংহে সব ভবনের নকশা অনুমোদন করবে উন্নয়ন কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) নির্ধারিত এলাকার সব ধরনের ভবনের নকশা বা প্ল্যান এখন থেকে এই সংস্থাই অনুমোদন করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা মউকের প্রথম বোর্ড সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান নবগঠিত এই কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।
মউক চেয়ারম্যান জানান, চলতি বছরের ১০ এপ্রিল ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়েছে। এই আইন অনুযায়ী, নির্ধারিত সীমানার মধ্যে সমস্ত ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব এখন থেকে মউকের ওপর ন্যস্ত। তবে শুধু প্ল্যান অনুমোদন করেই কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করবে না। মউকের প্রকৌশলী ও পরিদর্শকরা সরেজমিনে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করবেন এবং অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করবেন।
তিনি আরও জানান, নতুন আইন পাস হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সব সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে, যেন তারা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত সমস্ত ফাইলপত্র ও তথ্য বুঝিয়ে দেয়। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিসহ একটি চিঠি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে ময়মনসিংহকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভবন নির্মাণে নিয়ম অমান্যকারীদের সতর্ক করে মোতাহার হোসেন তালুকদার বলেন, নকশা বহির্ভূত বা নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে আইনে জরিমানার বিধান রয়েছে। প্রয়োজনে ভবন সংশোধনেরও সুযোগ রাখা হয়েছে। এছাড়া সব বাণিজ্যিক ভবনে কার পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যেসব বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের জায়গা রাখা হয়নি, প্রয়োজনে সেই অংশ ভেঙে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রথম এই বোর্ড সভায় প্ল্যান পাস করার প্রক্রিয়া, ফি নির্ধারণ এবং ব্যাংক হিসাব চালু করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মউকের বোর্ড সদস্য ও প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোজা মো: গোলাম মাসুম প্রধান এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম।


























