নাটোরের ঔষধিগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ঔষধিগ্রাম এবং বেলঘরিয়া বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুমোদনবিহীনভাবে খাদ্যপণ্য ও ঔষধি হালুয়া তৈরি, সংরক্ষণ এবং বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, অধিকতর তদন্তের প্রয়োজনে একটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে মাজেদের মিষ্টি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভান্ডারী আয়ুর্বেদিক ঔষধালয়ের মালিক মো. শাহজালালকে ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। অভিযান চলাকালে হেকিমি দাওয়াখানের মালিক আব্দুস ছালাম কবিরাজের প্রতিষ্ঠানটি অধিকতর তদন্তের স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপ এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে হবে এবং খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখতে হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে।




























