পিরোজপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু
- আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পিরোজপুরে মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। ‘ডেঙ্গুর হটস্পট’ হিসেবে চিহ্নিত এই জেলায় মশা নিয়ন্ত্রণে ছয়টি নতুন ফগার মেশিন দিয়ে এ কার্যক্রম চালানো হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। উদ্বোধনের পর জেলা পরিষদ কার্যালয়ের আশপাশসহ শহরের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এরপর সিও অফিস চত্বরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে নাজিরপুর উপজেলাতেও একই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদের প্রশাসক ও কর্মকর্তারা রওনা হন।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, পিরোজপুরকে ডেঙ্গু প্রবণ এলাকা বা হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। ডেঙ্গু একটি অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এটি নিয়ন্ত্রণে সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি জেলা পরিষদ শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, চলতি বছর পিরোজপুরে ইতোমধ্যে দুই হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পরিষদ আরও তৎপর হয়েছে। মশক নিধনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা, পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সদ্য কেনা ছয়টি ফগার মেশিনের মাধ্যমে পুরো জেলার বিভিন্ন এলাকায় মাসব্যাপী মশক নিধন কার্যক্রম চালানো হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মশক নিধন অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।




























