নীলফামারীতে উদ্ধার হওয়া ৩০টি হারানো মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ
- আপডেট সময় : ০২:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের বিশেষ উদ্যোগে উদ্ধার হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব হ্যান্ডসেট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের সাইবার সেলের এই প্রশংসনীয় কার্যক্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশিং সেবা আরও বেগবান করার লক্ষ্যে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় চলতি বছরের ১৩ জুন নীলফামারী জেলা পুলিশে এই সাইবার সেল গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের সদস্যরা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
হারানো মোবাইল উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধেও এই সেল সক্রিয় ভূমিকা পালন করছে। জেলা পুলিশ জানিয়েছে, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাইবার অপরাধ দমন এবং নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে তাদের এই বিশেষ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।



























