ফতুল্লায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় তাহসিনুল কোরআন মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ মুসলিম নগর এলাকার ওই মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, বুধবার বিকালে স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবায় ফোন করে অভিযোগ করেন যে, তাহসিনুল কোরআন মাদরাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধরও করেছিলেন। ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি ফতুল্লা থানাকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ভুক্তভোগী ছাত্রের বিষয়ে জানা যায়, সে হাফেজি সম্পন্ন করার পর কোরআন আরও ভালোভাবে মুখস্থ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে তাহসিনুল কোরআন মাদরাসায় ভর্তি হয়েছিল। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে অভিযুক্ত শিক্ষক ভয়ভীতি দেখিয়ে তাকে নিয়মিত বলাৎকার করে আসছিলেন। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে অভিযুক্ত শিক্ষক আবারও ছাত্রটির ওপর নির্যাতন চালান।
নির্যাতনের ফলে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মাদরাসা ঘেরাও করেন। খবর পেয়ে ফতুল্লা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।




























