শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা শিবচরে সমবেত হতে শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন মাদারীপুর ১, ২ ও ফরিদপুর-১ সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন এবং বাকিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন। এছাড়া সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।




























