দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।
রাষ্ট্রদূত মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
টেরাকোটাশিল্পে সমৃদ্ধ কান্তনগর মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখার সময় রাষ্ট্রদূত মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি মন্দিরটির নান্দনিক কারুকাজের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনের সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহসহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অষ্টাদশ শতকে নির্মিত কান্তনগর মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। টেরাকোটার অনন্য কারুকাজের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই মন্দিরটি দেখার জন্য প্রতিবছর প্রচুর দেশি-বিদেশি পর্যটক ও গবেষক এখানে ভিড় করেন।




























