নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
- আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামে এক রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাসিক ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে। বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে সালেহ নগর এলাকায় সিকদার মালেক সাহেবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বুলবুলকে লক্ষ্য করে একদল হামলাকারী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ২০২৪ সালের ২০ আগস্ট দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার বাদী ছিলেন বুলবুল। স্থানীয়দের দাবি, মামলাটির ৬ নম্বর এজাহারনামীয় আসামি শেখ সিফাতের সঙ্গে মামলা প্রত্যাহার না করা নিয়ে বুলবুলের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, শেখ সিফাতকে ঘিরে থাকা একটি গ্রুপ দীর্ঘদিন ধরে শাহী মসজিদ ও বউবাজার এলাকায় ছিনতাই, ডাকাতি ও সশস্ত্র হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সালেহ নগরসহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসেন এবং শেখ সিফাতের আত্মীয়-স্বজনদের বাড়িতে হামলা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।





























