৪০০ পরীক্ষায় ব্যর্থ আনিছুর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ১ মিনিট
- আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা এবং জীবনের নানা প্রতিকূলতা জয় করে দর্শন বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদীর মো. আনিছুর রহমান। কিন্তু ডিগ্রি অর্জনের পর থেকেই শুরু হয়েছে তার নতুন সংগ্রাম। কর্মসংস্থানের আশায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০টি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। তবে দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি কোনো স্থায়ী চাকরির সুযোগ।
আনিছুর ও তার বোন আমেনা আক্তার শৈশবেই মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে হাঁটাচলার স্বাভাবিক সক্ষমতা হারান। তখন আনিছুরের বয়স ছিল পাঁচ এবং আমেনার সাত বছর। তাদের বাবা ছিদ্দিক হোসাইন (আবু ছিদ্দিক) হাটে-বাজারে ঝালমুড়ি বিক্রি করে এবং মা সন্তানদের কাঁধে বা কোলে করে স্কুলে নিয়ে গিয়ে তাদের পড়াশোনা চালিয়ে গেছেন। বর্তমানে বাবা হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন, ফলে ঝালমুড়ি বিক্রির সেই একমাত্র উপার্জনের পথটিও বন্ধ হয়ে গেছে। ২০২২ সালের ১৮ অক্টোবর আনিছুরের মা মারা যান, যিনি সন্তানদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন। বর্তমানে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমেনাও ডিগ্রি পাস করেছেন, কিন্তু আর্থিক সংকটে তার কর্মজীবন থমকে আছে।
আনিছুর কোনো করুণা বা দান চান না। তিনি নিজের যোগ্যতা ও শ্রম দিয়ে সম্মানের সাথে বাঁচতে চান। আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে মাত্র এক মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে আনিছুর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভিক্ষা চাই না, করুণা চাই না। শুধু এক মিনিট আপনার সঙ্গে কথা বলতে চাই। আমাদের কষ্টের কথাগুলো আপনাকে বলতে চাই। একটি ছোটখাটো সম্মানজনক চাকরির সুযোগ পেলে আমরা দুই ভাই-বোন নিজের পায়ে দাঁড়াতে পারব।”
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, “বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তার এই আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।” আনিছুরের বিশ্বাস, প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র এক মিনিটের সাক্ষাৎ হয়তো তার ও তার বোনের পুরো জীবন বদলে দিতে পারে।
নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৮ সালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার্স পাস করেন আনিছুর।



























