ঝালকাঠিতে গাছের ডালে বেল্ট দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামে নিজ বাড়ির সামনের সড়ক থেকে বুলবুল হাওলাদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়রা বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পান।
নিহত বুলবুল হাওলাদার ওই গ্রামেরই বাসিন্দা তৈয়ব আলীর ছেলে। স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও নিরপেক্ষ তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




























