মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের একটি শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। সে তার পরিবারের সঙ্গে না থেকে আকরাম নামের এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই সিহাবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার কর্মস্থলের মালিক মো. মনির হোসেন জানান, সিহাব শনিবার ছুটি নিয়েছিল এবং সেদিন সে কর্মস্থলেও যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিহাব গত কয়েক দিন ধরে বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। এ কারণে তার মৃত্যুর ঘটনায় সঙ্গে থাকা বন্ধুদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























