হবিগঞ্জের রতনপুর-ছাতিয়াইন সড়কে খানাখন্দ, দুর্ভোগে ৩ উপজেলার মানুষ
- আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়, যার ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এই সড়কটি কেবল মাধবপুরের নয়, পার্শ্ববর্তী নাসিরনগর ও লাখাই উপজেলার মানুষেরও যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। সড়কটির বেহাল দশার কারণে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের চালকেরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় সিএনজি অটোরিকশাচালক রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন কোথায় কত বড় গর্ত, তা বোঝার উপায় থাকে না। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার ভয় তাড়া করে। রাস্তাটি দ্রুত সংস্কার করা খুবই জরুরি।" অপর এক যাত্রী লাভলী আক্তার জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। শিক্ষার্থী ও রোগীদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। রাস্তার এই অবস্থা দ্রুত ঠিক না করলে মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এই দুর্ভোগের বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সামছ্ জাবেদ জানান, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের প্রচেষ্টায় এটি সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিপিপি) প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রতনপুর-ছাতিয়াইন সড়ক ছাড়াও মাধবপুর-চৌমুহনী বাজার সড়ক, রতনপুর-শাহজাহানপুর সড়ক এবং মাধবপুর-নাসিরনগর সড়কও রয়েছে। শিগগিরই এসব সড়কের কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, আর কোনো বিলম্ব না করে দ্রুত সংস্কারকাজ শুরু করে তাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫১আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫৬



























