টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ৭ অক্টোবর কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীরদ্বীপের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























