ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর
- আপডেট সময় : ০৯:০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখল করেছে। সোমবার সরকারের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণও সরকারি বাহিনী পুনরায় নিজেদের দখলে নিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি থেকে ইরান-সমর্থিত হুতিদের হটানোই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা অভিমুখে একটি কৌশলগত সামরিক অভিযান শুরু করা হয়েছে। মোখার কাছে বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে, যাতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। সামরিক সূত্রের দাবি, সংঘর্ষে হুতিদের অনেক যোদ্ধা নিহত ও আহত হওয়ার পাশাপাশি তাদের বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকজন হুতি যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানা গেছে, যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে এক দ্রুতগতির অভিযানের মাধ্যমে হুতি বিদ্রোহীরা তায়েজ প্রদেশের মোখা এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা দখল করে নিয়েছিল। সোমবার দিনের শুরুতে সরকারি বাহিনী তায়েজের ধুবাব জেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কথাও জানায়। সরকারি বার্তা সংস্থা সাবার তথ্যানুযায়ী, সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনীর ‘হোমল্যান্ড শিল্ড ফোর্সেস’ ও ‘জায়ান্টস ব্রিগেডসের’ সদস্যরা বিমান সহায়তায় এই অভিযান পরিচালনা করেছেন। সরকারি বাহিনী এখন মুক্ত করা এলাকাগুলোয় তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুতিদের সরবরাহপথ বিচ্ছিন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা হুতিদের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির দাবি, ১০০টি যুদ্ধবিমান সরকারি বাহিনীকে সহায়তা করছে এবং জোট বাব আল-মানদেব প্রণালিতে আকাশপথে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি হুতিদের কয়েক শ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবির সত্যতা আল-জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।




























