রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন স্বেচ্ছাসেবীরা
- আপডেট সময় : ০২:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রবিবার (৪ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা সদরের থানা ভবন সংলগ্ন এলাকায় দিনব্যাপী এক বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কবরস্থান, ঈদগাহ মাঠ এবং রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদের নেতৃত্বে এই কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির গুরুত্ব তুলে ধরে আহ্বায়ক কাউছার আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এ সময় মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি বলেন, ইসলাম ধর্ম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। একটি গাছ থেকে মানুষ, পশুপাখি ও প্রকৃতি উপকৃত হলে এর সওয়াব অব্যাহত থাকে। তাই সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।





























