বেকারত্ব কমাতে দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বেকারত্ব মোকাবিলায় একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। গত রবিবার (৪ অক্টোবর) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার সমাপনী দিনে তিনি এ কথা বলেন। কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন, বর্তমান সময়ে কেবল একাডেমিক সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে কর্মসংস্থানের চাহিদা পূরণ সম্ভব নয়। তিনি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটানোর ওপর জোর দিয়ে কারিকুলাম তৈরির ক্ষেত্রে শিল্পখাতের সংশ্লিষ্টদের সম্পৃক্ত করার আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে কারিকুলামকে প্রযুক্তিগতভাবে উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনেই শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে শেখার সুযোগ দিলে কর্মক্ষেত্রে দক্ষতার ঘাটতি থাকবে না বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাখাওয়াত আলী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পুরোনো কারিকুলামের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করা জরুরি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম কারিগরি ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। সেমিনারে সাবেক সচিব ও ডেসকো চেয়ারম্যান সারোয়ার জাহান ভুঁইয়া বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরী।


























