গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক
- আপডেট সময় : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হায়ার এডুকেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে হিট প্রকল্পের আওতায় নেওয়া বিভিন্ন উপপ্রকল্পের প্রস্তাব, বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও সমাজের প্রয়োজনে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিতে সংশ্লিষ্টরা গুরুত্বারোপ করেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসঙ্গে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ বিশ্বব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের ‘মিড-টার্ম রিভিউ মিশন’-এর কার্যক্রমের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।




























