শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি
- আপডেট সময় : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রধান সূচকসহ বেশিরভাগ সূচকের উত্থান ঘটলেও, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধা ঘণ্টায় প্রধান সূচক কিছুটা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট ১৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির শেয়ারের দাম বেড়েছে, ৯৫টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৭টি কোম্পানির শেয়ারদর।
লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। তবে সকাল ১০টা ১০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমে যায়। এরপর বাজার আবার ঘুরে দাঁড়ায় এবং সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে শুরু করে। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়ায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের দিক থেকে শীর্ষ তালিকায় ছিল ওরিয়ন ফার্মা, আইপিডিসি, এনভয় টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনালী আঁশ ও মালেক স্পিনিং।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৪ পয়েন্টে নেমে আসে। তবে প্রাথমিক পতনের পর সূচকটি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে মোট ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭টির দর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।





























