কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা
- আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎকালে এই আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বৈঠকে জলবায়ু সম্মেলনের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।


























